Technology

test

শুধু মা-ই ভালো করে অনুভব করতে পারে-Pencil71


মায়ের কান্না কি কখনো থামে?

২৮-০৩-২০১৮ইং


আজকে একটা নিউজ পড়েছিলাম তাই।

শুধু একজন মা-ই ভালো করে অনুভব করতে পারেন। পথে-ঘাটে দুই-পাঁচ টাকা ভিক্ষা চাইতে আসা যে শিশুটিকে আমরা দুর দুর করে তাড়িয়ে দেই, যাদের ময়লা পোশাক আর নাক বেয়ে নেমে আসা সর্দি দেখে আমরা ঘৃণায় মুখ ফেরাই, তাদের মায়েরা তাদের সেই সর্দিমাখা মুখেই পরম যত্নে ভাতের লোকমা তুলে দেন, রাতে ঘুমের সময় হলে জীর্ণ কাঁথায় জড়িয়ে এদেরকে বুকের কাছে রাখেন তাদের মায়েরাই। সিলেটের রাজন কিংবা খুলনার রাকিব কার কাছে কী, সেদিক আমরা না-ই বা বিবেচনায় নিলাম। একবার একটু ভেবে দেখি, তারা তাদের মায়ের কাছে কী ছিল!যে রাজন তরকারি বিক্রি করে পরিবারের জন্য চাল কিনে নিতে এসেছিল, যে রাকিব পরিবারের চাকা সচল রাখতে গ্যারেজে কাজ করতে এসেছিল, তাকে হত্যা করে মায়ের কোলে ফেরত পাঠাবার আগে খুনিরা কি একবারও তার মায়ের মুখ মনে করে দেখেছে! যে অমানুষেরা পৈশাচিক উল্লাসে মেতে এদের হত্যার উৎসবে শামিল হয়েছিল, তাদের কি মা নেই! তারা কি শিশুবয়সে মায়ের কোলে চড়ে কোনোদিন ঘুমপাড়ানি গান কিংবা রূপকথার গল্প শোনেনি! তাদের পরিবার, সন্তান কিছুই কি নেই! তারা কি কোনোদিনই কোনো মানুষের ভালোবাসা পায়নি! রাজন, রাকিবকে যারা হত্যা করেছে ঘৃণা প্রকাশের কোনো ভাষাই তাদের জন্য যথেষ্ট হতে পারে না। সচেতন নাগরিক হিসেবে তাদের প্রতি ঘৃণা প্রদর্শনের মাধ্যমে আমরা যথারীতি আমাদের দায়িত্ব পালন করবো। টকশোতে চায়ের কাপে ঝড় উঠবে, দৈনিক পত্রিকা গুলোর কাটতি বাড়বে, ফেসবুকে তোলপাড় হবে, নব্য ছড়াকারের দুর্বল ছন্দেও প্রকাশ হবে প্রতিবাদের মৃদুস্বর। আমরা যারা বেশি আবেগী তারা আরো দু-চার দিন বেশি মনে রাখবো রাজন, রাকিবকে। তারপর ভুলে যাবো। নতুন কোনো অমানবিকতায় চাপা পড়বে অতীতের দুর্ধর্ষ এইসব অমানবিকতা। কিন্তু রাজনের মা? রাকিবের মা? নিজের রক্ত-মাংসে গড়ে ওঠা সন্তানের এমন করুণ মৃত্যুর কষ্ট তারা কেমন করে বয়ে বেড়াবেন? যে অমানুষেরা জীবন্ত দুটি মানবশিশুকে হেসেখেলে মেরে ফেলল, সব বিচার, সব আইনের বাইরে গিয়ে জনতার অাদালতে তাদেরকেও যদি এভাবেই হেসেখেলে মেরে ফেলা হয়, তবুও তো রাজন, রাকিবের মায়েদের দুঃখ এতটুকু কমবে না! চার বছর হয়ে গেছে, তবু আমার বোন তার গর্ভাবস্থার সাত মাস বয়সে মরে যাওয়া সন্তানটির জন্য এখনও প্রতিদিন কাঁদে। আমি জানি, বাকি জীবনটাও সে একই রকমভাবে কাঁদবে। আর রাজন-রাকিবের মায়েরা? তাদের হাহাকার ধারণ করার মতো এত বাতাস কি এই বাংলায় আছে! এই সন্তানহারা মায়েদের অভিশাপ এই জাতি কী দিয়ে মোচন করবে! মায়ের কান্না কি কখনো থামে!



শুধু মা-ই ভালো করে অনুভব করতে পারে-Pencil71 শুধু মা-ই ভালো করে অনুভব করতে পারে-Pencil71 Reviewed by pencil71 on March 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.