ক্ষমা করে দিও সেদিন
শুনবে যেদিন আমি নাই,
কতো কষ্ট দিলাম মনে
ক্ষমা করে দিওরে ভাই।।
তোমরা যদি করো ক্ষমা
তবে আল্লাহর দয়া পাই,
গাফুর যদি করেন ক্ষমা
নাইরে আমার ভাবনা নাই!
হসপিটালের বেডে শুয়ে
চাইরে বন্ধু ক্ষমা চাই।। ঐ
আমি এক অধম বান্দা
ভুলের কোনো সীমা নাই,
ছোট্ট আমি ক্ষণে ক্ষণে
অনেক কষ্ট দিছিরে ভাই,
পাশে পাশে ছিলাম তবু
সেই দাবিতে মাফি চাই।। ঐ
ডাক দিয়েছেন মহান প্রভু
মনের কানে শুনতে পাই,
তিনি যখন ডেকে নিবেন
এই দুনিয়া ছাড়বে সবাই,
যেতে যখন হবে রে ভাই
হাসি নিয়েই যেতে চাই।। ঐ
কয়েকদিনের পরিচয়ে
এমন মায়া ভাবি নাই!
সুখেদুখের দিনগুলোরে
ভুলতে খুবই কষ্ট পাই,
কলিজাতে টান পড়ে যায়
যেতে তবু হয়রে ভাই।। ঐ
কলম দিয়ে মনের কথা
লিখতে কিছুই পারি নাই,
কল্পলোকে বুঝে নিও
ভালোবাসার গল্প তাই,
ডেকেছিলে 'দ্বীনী ভাই'
এই দাবিতে ক্ষমা চাই।। ঐ
এস এম সানাউল্লাহ
হাসপাতাল বেড
১৯.০১.২০২১
[তোমাদের সবুজ বাগানের অগণন ফুটন্ত ফুলের ভীরে ঘ্রাণ হারানো এক নিষ্প্রভ ফুলের মতোই ঝরে পড়ার অপেক্ষায় আছি আমি। তবু আছি তোমাদের মাঝেই। আল্লাহ যতোদিন চাইবেন ঠিক ততোদিনই থাকতে পারবো তোমাদের মেলায়। কেউ ডেকেছো 'বড় ভাই' কেউবা আবার 'দ্বীনী ভাই' কেউ ডেকেছো 'সানা ভাই', আবার কারো কাছে ছিলাম 'আদরের ছোটো ভাই'। কতো মধুর সব স্মৃতি ...।
জানি আল্লাহর সিদ্ধান্তের ওপর কোনো ভাবনা বা আক্ষেপ থাকতে নেই। তবু কেনো যেনো নিজেকে আজ কিছুতেই ধরে রাখতে পারলাম না। ছড়া কবিতার ওপরের লাইন ক'টা লিখতে যেয়ে চোখে ঝাপসা দেখছি। রুমের প্রধান আলোটা কৌশলে একটু আগেভাগেই নিভিয়ে দিলাম, যাতে আমার ভিজে যাওয়া গাল দু'টো কেউ দেখে ফেলে আমাকে আবার দুর্বল মনে না করে!
না আমি ভীতু নই। চোখের নীরব অশ্রুটুকু শুধুই তোমাদের প্রতি অপ্রকাশিত ভালোবাসার গোপন প্রকাশ। সবরে জামিলের জন্য মাবুদের সাহায্য কামনা করছি। শয়তানের বহুমুখী কুমন্ত্রণা থেকে কেবল আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করছি]
শেষ আকুতি<> গাজীপুর মহানগর আমীর
Reviewed by pencil71
on
January 20, 2021
Rating:
Reviewed by pencil71
on
January 20, 2021
Rating:

No comments: